রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে তিনজনের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় গাড়িটি। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। অন্য দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মারা যান।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সর্বশেষ